প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০০:৩৮
জাফরাবাদ হাফিজিয়া মাদরাসার ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও তা’লীমী জলসা

চাঁদপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পুরাণবাজার জাফরাবাদ হাফিজিয়া মাদরাসার (জামিয়া আরাবিয়্যাহ কাসিমুল উলূম) ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও তা’লীমী জলসা অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল থেকে মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই মাহফিল শুরু হয়।
সকাল সাড়ে ৮টায় পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত ও প্রারম্ভিক আলোচনার মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী এই মাহফিলে দেশের প্রথিতযশা শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
আলোচনা পেশ করেন যাঁরা : ‘আদর্শ পরিবার ও আদর্শ সন্তান’ বিষয়ে ফরিদাবাদ মাদরাসা, ঢাকার মাওলানা নজরুল ইসলাম; ‘ব্যক্তি স্বাধীনতা ও ইসলাম’ বিষয়ে আল মারকাজুল হানাফী বাংলাদেশ, ঢাকার মুহতামিম মুফতী নোমান কাসেমী। দুপুর সাড়ে ১১টায় উপস্থিত মুসল্লি ও শিক্ষার্থীদের জন্য অযু ও নামাযের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
দুপুর ১২টায় ‘কওমী মাদরাসার ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনা করেন ফরিদাবাদ মাদরাসা, ঢাকার মুফতী আব্দুস সালাম। দুপুর ২:৪৫ মিনিটে ‘মদ ও জুয়ার ভয়াবহতা’ বিষয়ে বয়ান পেশ করেন মুরাদনগর মাদরাসা, কুমিল্লার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আমজাদ হুসাইন।
বাদ আসর বর্তমান সময়ের অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় ‘স্মার্টফোন ও সোস্যাল মিডিয়ার অপব্যবহার’ নিয়ে আলোচনা করেন বারিধারা মাদরাসা, ঢাকার শাইখুল হাদীস মুফতী হাবীবুল্লাহ মাহমূদ কাসেমী।
বাদ মাগরিব ‘পরিবার পরিকল্পনা ও ইসলাম’ বিষয়ে আলোচনা রাখেন সুধন্যপুর মাদরাসা, কুমিল্লার মুহতামিম মাওলানা মুশতাকুন্নবী।
বাদ এশা ‘পারিবারিক সু-সম্পর্ক ও তিন তালাকের ভয়াবহতা’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জামিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা খাজা আহমদুল্লাহ।
রাত ৮:৩০ মিনিটে ‘দুনিয়ার মহব্বত ও ফিকরে আখেরাত’ বিষয়ে হৃদয়গ্রাহী বয়ান পেশ করেন ফুলছোঁয়ার পীর সাহেব মুফতী আবু সাঈদ।
সালাত আদায় ও আখেরী মুনাজাত :
মাহফিলের ফাঁকে ফাঁকে নির্ধারিত সময়ে যোহর, আছর, মাগরিব ও এশার জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর আড়াইটায় ‘মৃত্যু ও কাফন-দাফনের মাসায়েল’ বিষয়ে বিশেষ আলোচনা করা হয়। পরিশেষে রাত ৯টায় মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও পরকালীন মুক্তি কামনা করে ৮৫তম এই বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
মাদরাসার এন্তেজামিয়া কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই দ্বীনি মাহফিলে চাঁদপুর ও এর আশপাশের এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন।
মাহফিলে মাদ্রাসা পরিচালনা নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ খান, সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাকিল, সদস্য হাজী আব্দুর রব মল্লিক শানু, মো. আরজু খান, হাজী মজিবুর রহমান গাজীসহ মাদ্রাসা সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং অন্যরা উপস্থিত ছিলেন।








