প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ২০:০৮
ফরিদগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।
|আরো খবর
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান ইমরোজের সঞ্চালনায় সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবু তাহের, নুরুল আমিন ও উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার।
বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের আগস্ট-পরবর্তী কঠিন রাজনৈতিক সংকটের মুখে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরেন। সাধারণ মানুষের অভূতপূর্ব ভালোবাসা ও সমর্থনে তিনি দেশকে স্বস্তি ও স্থিতিশীলতার পথে এগিয়ে নেন।
আলোচনা সভা ও বিশেষ দোয়া শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় 'ক' শাখায় সাফুয়া সপ্রাবির মুনতাফা ফাইরোজ খাদিজা প্রথম, ভাটিয়ালপুর সপ্রাবির অন্বেষা রায় দ্বিতীয় এবং খাদিজা ওয়াসেনাত তৃতীয় স্থান অর্জন করে। 'খ' শাখায় কেরোয়া সপ্রাবির মাহেরা তাসনিম প্রথম, একই বিদ্যালয়ের সুমনা আক্তার স্নেহা দ্বিতীয় এবং ফরিদগঞ্জ বালিকা উত্তর সপ্রাবির গোধূলী হৃদ মুগ্ধ তৃতীয় হয়। এছাড়া 'গ' শাখায় ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পিয়ালী দে পূর্ণা প্রথম, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইসাব্র আল সাইফা দ্বিতীয় এবং কেরোয়া হোসনেয়ারা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ের মুনতাহা আফরিন তৃতীয় স্থান অধিকার করে।








