শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭

৪৫ যাত্রী নিয়ে ১১ নভেম্বর উমরাহ পালনে যাচ্ছে ‘কাবার মেহমান’ কাফেলা

শেখ আল মামুন
৪৫ যাত্রী নিয়ে ১১ নভেম্বর উমরাহ পালনে যাচ্ছে ‘কাবার মেহমান’ কাফেলা
চাঁদপুরে ‘কাবার মেহমান হজ্ব কাফেলা’র উদ্যোগে আয়োজিত উমরাহ প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কাফেলার পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক।

পবিত্র উমরাহ পালনে যাত্রীদের প্রস্তুতি ও সঠিক নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করতে চাঁদপুর ‘কাবার মেহমান হজ্ব কাফেলা’র উদ্যোগে উমরাহ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ ‘দি হিলশা মেডিকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে'র দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন কাফেলার পরিচালক ও মোতওয়াল্লি মাওলানা আবু বকর সিদ্দিক।

প্রশিক্ষণ সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে উমরাহ পালনের সঠিক নিয়ম, তাৎপর্য এবং এহরাম অবস্থার বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন হাফেজ মাওলানা মফিজুর রহমান, হাফেজ মাওলানা মনির হোছাইন, মাওলানা ইমরান হোসাইন, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আহমদ উল্লাহ, হাফেজ মাওলানা সাইফুদ্দিন ও হাসান মাহমুদ।

বক্তারা বলেন, উমরাহ পালনের মূল উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন। এহরামের নিয়ত থেকে শুরু করে তাওয়াফ ও সাঈসহ প্রতিটি আমল রাসুল (সা.)-এর সুন্নাহ অনুযায়ী যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

এহরাম অবস্থায় করণীয় ও বর্জনীয় তুলে ধরে বক্তারা জানান, এ সময় সুগন্ধি ব্যবহার করা এবং চুল বা নখ কাটা যাবে না। পুরুষদের জন্য সেলাইযুক্ত পোশাক পরিধান করা নিষিদ্ধ হলেও নারীরা শালীন ও সুন্নাহসম্মত পোশাকেই এহরাম পালন করবেন। একই সাথে সফরকালে পূর্ণ মনোযোগ ইবাদতে নিবদ্ধ রাখতে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন তারা।

কাফেলার পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক জানান, আগামী ১১ নভেম্বর ৪৫ জন উমরাহযাত্রী নিয়ে তাঁদের কাফেলা পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করবে। মক্কা-মদিনায় ১৪ দিন অবস্থান শেষে তাঁরা দেশে ফিরবেন। ইতোমধ্যে সকল যাত্রীর ভিসা, টিকিটসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে সুনামের সাথে তারা হজ ও উমরাহ সেবা পরিচালনা করে আসছেন এবং যাত্রীদের অধিকাংশই চাঁদপুরের স্থানীয় বাসিন্দা।

এদিকে প্রথমবারের মতো উমরাহ পালনে যাচ্ছেন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাসিন্দা হাসমত সৈয়াল ও হাশেম বেপারী। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা বলেন, “কাবার মেহমান হজ্ব কাফেলার মাধ্যমে আমাদের অনেক আত্মীয়-স্বজন ইতঃপূর্বে হজ ও উমরাহ পালন করেছেন। তাঁদের নির্ভরযোগ্য সেবা ও সুনাম দেখে আমরাও এবার এই কাফেলার মাধ্যমে উমরাহ পালনে যাচ্ছি।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়