প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৬:৫৩
হাইমচরে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

হাইমচর উপজেলার চরপোড়ামুখী এলাকায় অনুমতি ছাড়া অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে মো. বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার চরপোড়ামুখী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের কোনো ধরনের অনুমতি না নিয়ে অবৈধ ড্রেজার বসিয়ে কৃষিজমি ও বিভিন্ন স্থান থেকে মাটি কেটে আসছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে চরপোড়ামুখী এলাকায় অভিযান চালায় প্রশাসন।
অভিযানের সময় ঘটনার সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত মো. বিল্লাল হোসেন নিজের দোষ স্বীকার করেন। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার এবং মাটিখেকোদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








