প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৯:২৯
হাইমচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়
-----শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

ডেঙ্গুর প্রকোপ থেকে নদীবেষ্টিত হাইমচরবাসীকে সুরক্ষা দেওয়া ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযানের আয়োজন করা হয়। হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঝাড়ু হাতে ও মশক নিধন ওষুধ ছিটানোর মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকার ও স্থানীয় প্রশাসন সর্বাত্মক তৎপর রয়েছে। তবে কেবল সরকারি উদ্যোগে ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়; এজন্য সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। আমাদের নিজেদের বাসাবাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র নিজেদেরই পরিষ্কার রাখতে হবে। কোনো স্থানেই যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক নজর রাখতে হবে।”
অভিযানে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, জনগণকে সচেতন করার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানকালে উপজেলা পরিষদ চত্বরের আশপাশের নালা-নর্দমা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয় এবং মশা নিধনে ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রে প্রয়োগ করা হয়।
উপজেলা সদরের পাশাপাশি হাইমচরের বিভিন্ন ইউনিয়নেও একযোগে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রশাসনের এই সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।








