বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২০:২৮

রক্তাক্ত ২৮ অক্টোবরের খুনিদের বিচারের দাবিতে চাঁদপুরে জামায়াতের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী

বর্তমান সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে

—জেলা আমীর বিল্লাল হোসেন মিয়াজি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বর্তমান সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে

ঐতিহাসিক ‘রক্তাক্ত ২৮ অক্টোবর’ উপলক্ষে লগি-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী ও খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা এবং ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাবিধুর ও কলঙ্কিত দিন। এই দিনে চারদলীয় জোট সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে বহু নেতা-কর্মীকে নির্মমভাবে শহীদ করা হয়।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। তারা বিরোধী দলকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে দমনের চেষ্টা চালাচ্ছে। কিন্তু যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে এবং ইসলামী ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”

চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ ও প্রভাষক ওমর ফারুক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো. হানিফ মোল্লা, তরপুরচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী এবং শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মাওলাসহ শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি, সম্পাদকসহ সর্বস্তরের দায়িত্বশীল ও নেতা-কর্মীবৃন্দ।

আলোচনা সভাশেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়