মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাবুরহাটে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ

যত বেশি গাছ লাগাবো, ততই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে

.....উপমহাব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম

আব্দুল্লাহ আল মামুন।।
যত বেশি গাছ লাগাবো, ততই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চাঁদপুর শহরের বাবুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি বাবুরহাট শাখা । মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম বলেন, "গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদের বাঁচিয়ে রাখে। তাই যত বেশি গাছ লাগাবো, ততই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। পূবালী ব্যাংক পিএলসি সারাদেশে সিএসআর-এর আওতায় ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করছে। আমরা চাই বাংলাদেশ আরও সবুজ, বনসমৃদ্ধ ও শীতল হয়ে উঠুক।"

তিনি আরও বলেন, "সারাদেশের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরেও বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রোপণ করা গাছগুলো একদিন বড় হবে এবং সেখান থেকে মানুষ ফল, কাঠ ও অক্সিজেন পাবে।" শিক্ষার্থীদের এ কর্মসূচিতে সম্পৃক্ত করার জন্য তিনি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। তিনি বলেন, "পৃথিবীকে টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পূবালী ব্যাংক আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে একাত্ম হয়ে গাছের চারা রোপণ করছে—এটি আমাদের জন্য আনন্দের ও অনুপ্রেরণার। আজকের এই চারাগুলো একদিন বড় হয়ে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে ছায়া ও অক্সিজেন দেবে।"

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। একটি গাছ বড় হয়ে ওঠার সঙ্গে পরিবেশ, মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ জড়িয়ে আছে।"

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, পূবালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য্য, বাবুরহাট শাখার ব্যবস্থাপক মির্জা মো. শরীফ হোসেন, নতুন বাজার শাখার ব্যবস্থাপক মো. রাসেল আহাম্মেদ, বাবুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী নূর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) মো. জাহাঙ্গীর আলম, প্রভাষক রাসেল মিয়া, ১৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর শেখ, যুবনেতা কালু মৃধাসহ ব্যাংক কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও অতিথিরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন। কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কার্বন নিঃসরণ কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা প্রয়োজন। একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, মানুষের জীবন ও পরিবেশের সুরক্ষায় দীর্ঘমেয়াদি ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তাঁরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়