প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩
ফলাফল উন্নয়নে দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস ও নিবিড় তত্ত্বাবধানের নির্দেশ

চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় এবং পুরানবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) পৃথকভাবে বিদ্যালয় দুটি পরিদর্শনকালে তিনি শিক্ষার মানোন্নয়ন, এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়ন, সহপাঠক্রমিক কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিভিন্ন নির্দেশনা দেন।
|আরো খবর
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে অংশ নেন। পরে প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। ফলাফল উন্নয়নে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ ক্লাস, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং নিয়মিত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মোহাম্মদ রুহুল্লাহ বলেন, এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে নিয়মিত খোঁজখবর নিতে হবে। প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা, শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাব পরিদর্শন করেন এবং এসব সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিদ্যালয়ের পাঠাগার সচল রাখা এবং প্রতিবছর নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলার আয়োজনের কথাও বলেন।
পরিদর্শনকালে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেওয়া, সহপাঠক্রমিক কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করার বিষয়ে নির্দেশনা দেন জেলা শিক্ষা অফিসার।
এছাড়া ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন, প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নিবন্ধন, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অনুশীলন এবং ‘নজরুলবর্ষ’ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষার্থীদের নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বাড়াতে ডিবেট ক্লাব কার্যক্রম জোরদার, বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে নিয়মিত কাউন্সেলিং এবং বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির জন্যও শিক্ষক-শিক্ষার্থীদের নির্দেশনা দেন জেলা শিক্ষা অফিসার।
পরিদর্শনশেষে তিনি বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।








