প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:২০
ফরিদগঞ্জের গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন
সভাপতি মজিব পাঠান সম্পাদক শরীফ হোসেন

ফরিদগঞ্জের প্রসিদ্ধ গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট চলে। বাজারের ২৯০জন ভোটারের মধ্যে ২৮৬জন ভোটার দীর্ঘ ১৩ বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের দুটি কক্ষে দুটি বুথে ভোটগ্রহণ হয়। ১২টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ ৬টি পদের জন্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১জন প্রার্থীর মধ্যে ভোটাররা ভোট প্রদান করেন। বাকি ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে বিজয়ীরা হলেন : সভাপতি পদে মজিবুর রহমান পাঠান, সাধারণ সম্পাদক পদে শরীফ হোসেন আজাদ, সহ-সভাপতি পদে সাহাবুদ্দিন পাঠান, সাংগঠনিক সম্পাদক পদে তারেক মিজি, কোষাধ্যক্ষ পদে আউয়ুব আলী আনসারী ও প্রচার সম্পাদক পদে মো. ইউনুছ খান। আর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন : সহ-সম্পাদক পদে মো. বিল্লাল, সহ-কোষাধ্যক্ষ পদে সাহেদ আলম, দপ্তর সম্পাদক পদে ওসমান হোসেন, নির্বাহী সদস্য পদে মো. বাহাউদ্দিন, মাসুদ আলম ও মো. মিজানুর রহমান।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকারী উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণশেষে ফলাফল ঘোষণা করে বিজয়ী প্রার্থীদের হাতে ফলাফল তুলে দিয়েছি।
নির্বাচন পরিচালনাকারী সদস্য মনির পাঠান, মাইন উদ্দিন পাটওয়ারী ও বিল্লাল ঢালী বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের। ভোটার ও প্রার্থীরা সর্বাত্মক সহযোগিতা করেছেন।
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আহমেদ রাজন শেখ বলেন, দীর্ঘ ১৩ বছর পর গাজীপুর বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাজারের ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার ফসল। তিনি নির্বাচনে বিজয়ী এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।








