শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪

চাঁদপুর স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে জাতীয় ফুটবল লীগ

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
চাঁদপুর স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে জাতীয় ফুটবল লীগ

জাতীয় পর্যায়ে ফুটবল লীগের প্রথম পর্বের খেলা আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এই বড় আসরকে ঘিরে পুরো চাঁদপুরের ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ।

বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে চাঁদপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

আয়োজক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ফুটবল লীগের প্রথম পর্বের মোট ৭৮টি ম্যাচ দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২টি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে চাঁদপুর স্টেডিয়ামে। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠিত ক্লাবগুলোর খেলা মাঠে বসে দেখার সুযোগ পেয়ে স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের পর আগামী ২৫ সেপ্টেম্বর চাঁদপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরদিন ২৬ সেপ্টেম্বর খেলবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা। আর আগামী বছরের ১৬ জানুয়ারি চাঁদপুর ভেন্যুর প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ের এ টুর্নামেন্ট চাঁদপুরের উদীয়মান খেলোয়াড়দের নতুনভাবে অনুপ্রাণিত করবে। সাবেক ফুটবলার, ফুটবল কোচ ও জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা আনোয়ার হোসেন মানিক বলেন, "চাঁদপুরে নিয়মিত এমন বড় মাপের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হলে স্থানীয় খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা বাড়ানোর সুবর্ণ সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের তারকা খেলোয়াড়দের সরাসরি মাঠে খেলা দেখা ও তাদের সাথে অনুশীলনের অভিজ্ঞতা স্থানীয় ফুটবলারদের মানসিকভাবে আরও পরিপক্ব করবে।"

এদিকে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে খেলা পরিচালনার জন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। মাঠ প্রস্তুতসহ সার্বিক ব্যবস্থাপনা তদারকি করছে কর্তৃপক্ষ।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জয়নাল আবেদীন জনু জানান, "জাতীয় পর্যায়ের এই বড় আয়োজন ঘিরে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সবকটি ম্যাচ যেন সফলভাবে শেষ হয়, সে লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছি।"

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, "এই আয়োজন চাঁদপুরকে নতুন করে ক্রীড়াঙ্গনে তুলে ধরবে। দর্শকদের বিনোদনের পাশাপাশি এমন অনুপ্রেরণামূলক আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর থেকেও একদিন জাতীয় দলের শীর্ষমানের ফুটবলার উঠে আসবে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়