প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৩
সরকারি কাজে বাধা ও জেলা পরিষদের সীমানা খুঁটি ভাঙচুর, আইনি ব্যবস্থার প্রস্তুতি

চাঁদপুর শহরের বাবুরহাটে জেলা পরিষদের উদ্ধারকৃত জমিতে সীমানা প্রাচীর ও কাঁটাতারের বেষ্টনী দেওয়ার সময় সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এ সময় সীমানা নির্ধারণের জন্য বসানো কংক্রিটের পিলার উপড়ে ফেলে ভাঙচুর চালায় স্থানীয় একটি পক্ষ। প্রত্যক্ষদর্শী ও জেলা পরিষদ সূত্রে জানা যায়, বাবুরহাট মোবারক মার্কেট সংলগ্ন জেলা পরিষদের উচ্ছেদ করা জায়গায় যেন নতুন করে হকার বা অবৈধ দখলদার না বসতে পারে, সে লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে বেষ্টনী দেওয়ার কাজ শুরু হয়। এ সময় পার্শ্ববর্তী মোবারক মার্কেটের মালিকপক্ষের প্রতিনিধি মামুন ও তার সঙ্গীরা এসে কাজে বাধা দেন। একপর্যায়ে বাগবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়লে সীমানা প্রাচীরের জন্য বসানো পিলারগুলো উপড়ে ভেঙে ফেলা হয় এবং উপস্থিত কর্মকর্তাদের সাথে অশোভন আচরণ করা হয়। পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল ত্যাগ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
|আরো খবর
উল্লেখ্য, উদ্ধারকৃত জমিতে জেলা পরিষদের উদ্যোগে একটি বহুতল মার্কেট ভবন নির্মাণের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। সেই উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই জায়গাটি সুরক্ষিত রাখতে কাঁটাতারের বেষ্টনী দেওয়া হচ্ছিল। সরকারি কার্যক্রমে বাধা এবং সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগে জেলা পরিষদের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বক্তব্যের জন্য মোবারক মার্কেট সংলগ্ন সংশ্লিষ্ট মাসুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।








