প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৮
ডোপ টেস্টের খবর শুনেই ফাঁড়ি থেকে পালালেন পুলিশের এসআই মামুন

মাদক শনাক্তকরণ 'ডোপ টেস্টে'র খবর শুনে গত দুদিন ধরে গা ঢাকা দিয়েছেন চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মামুন উর রশিদ। জানা যায়, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত মোট ১৮জন পুলিশ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়। ডোপ টেস্টের কথা জানতে পেরে গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) তিনি ফাঁড়ি থেকে চলে যান বলে জানা গেছে।
|আরো খবর
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮জন সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হয়। এমনকি তিনি নিয়মিত মাদক সেবন করতেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে তাকে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেয়া হয়। এদিকে ডোপ টেস্টের খবর শুনে তার গা ঢাকা দেয়ার বিষয়টি জানতে পেরে চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে খুঁজে বের করে ফাঁড়িতে নিয়ে আসার জন্য পুলিশ সদস্যরা তার বাসায় যান। তবে সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) এবং বুধবার দুদিনই তার বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছে। কিন্তু তাকে বাসায় পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও মঙ্গলবার থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।
পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে।








