প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৩
চাঁদপুরে সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় হুইপ আমরাফ উদ্দিন নিজান
জনগণের আকাঙ্ক্ষার মূল্য দিতে হবে

চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার সার্বিক তদারকিপ্রাপ্ত কর্মকর্তা ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি।
তিনি বলেন, “জনগণের আকাঙ্ক্ষার মূল্য দিতে হবে। আমাদের মানসিকতার পরিবর্তন করা জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরনো প্রথা ভাঙতে চান। সমাজের উন্নয়ন ও মানুষের স্বার্থে আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। দেশ গঠনে ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, চাঁদপুর ইলিশের প্রধান প্রজনন কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তাই ইলিশ রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি কোস্টগার্ডের অভিযান ও মালামাল জব্দের ঘটনায় আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের এবং জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিষয়ে হুইপ প্রশ্ন তুলে বলেন, জেলার আটটি উপজেলায় মাত্র দুজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিয়ে কীভাবে প্রশাসনিক কাজ চলছে? বিষয়টি তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আনবেন বলে জানান। এছাড়া উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
পাসপোর্ট অফিস ও দালাল চক্রের হয়রানি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পাসপোর্ট সেবায় সাধারণ মানুষ যেন কোনো ভোগান্তির শিকার না হয়। কর্মকর্তাদের যোগসাজশে দালাল চক্রের দৌরাত্ম্য খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ সভায় মূল কর্মকর্তারা উপস্থিত না হয়ে প্রতিনিধি পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দপ্তর প্রধানদের সরাসরি উপস্থিত থাকার কঠোর নির্দেশনা দেন।
সভায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও মাদকাসক্তদের আস্তানা উচ্ছেদে পুলিশ কাজ করছে। তবে ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস ও ইউপি পরিষদগুলোকে দুর্নীতিমুক্ত করতে কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন ও প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন।” তিনি চাঁদপুর জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার জোর দাবি জানান।
চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র তুলে ধরতে প্রতিটি দপ্তরকে তথ্য উপস্থাপন করতে হবে, যেন সাধারণ মানুষ উন্নয়নের বিষয়ে পরিষ্কার ধারণা পায়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, মাদক মামলার আসামিরা জামিনে বের হয়ে এসে পুনরায় অপরাধে জড়াচ্ছে। ফলে অপরাধীদের সহজে জামিন না দেওয়ার বিষয়ে আইনি প্রক্রিয়া জোরদার করা দরকার।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।
সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।








