প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:০১
দারুল হিকমাহ হিফজ মাদ্রাসায় পাঁচ হাফেজকে সনদ প্রদান

ফরিদগঞ্জে দারুল হিকমাহ হিফজ মাদ্রাসায় পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে সনদ প্রদান, সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ চৌরাস্তা সংলগ্ন দারুল হিকমাহ হিফজ মাদ্রাসার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন ভিপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাচে হাফেজ মাওলানা মুফতি কমর উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলাতুলী বাইতুন নাজাত জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আনোয়ার হোসাইন আমিনী ও বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম। এ সময় অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মজিবুর রহমান।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে সনদ প্রদান। অতিথিরা তাদের হাতে সনদ তুলে দিয়ে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে কোরআনের শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান।
কোরআন হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থী হলেন হাফেজ তানজিল, হাফেজ হাসিব, হাফেজ শামীম, হাফেজ আব্দুর রহমান ও হাফেজ শাহাদাত ।
বক্তারা বলেন, পবিত্র কোরআন হিফজ করা নিঃসন্দেহে গৌরবের বিষয়। তবে কোরআন শুধু মুখস্থ করলেই হবে না, এর শিক্ষা ও আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, হাফেজ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাঁচ শিক্ষার্থীর সাফল্যকে কেন্দ্র করে অনুষ্ঠানে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।








