সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৮

মতলবে ‘নজরুল বর্ষে'র সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন

মতলব ব্যুরো
মতলবে ‘নজরুল বর্ষে'র সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন

মতলব দক্ষিণ উপজেলায় নজরুল বর্ষ–২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে মতলব সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কে এম ইশমাম বলেন, "শিক্ষার্থীদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশব ও কৈশোরের সংগ্রাম ও সাহিত্য নিয়ে আরও বেশি পড়তে হবে, জানতে হবে। তবেই তাদের মনে নজরুলের মানবিক ও উদার সাহিত্যের চেতনার বিকাশ ঘটবে।"

মতলব সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, মতলব সরকারি কলেজের সহকারী অধ্যাপক আইনুন নাহার কাদরী ও প্রভাষক সাইফুল ইসলামসহ অন্য অতিথিবৃন্দ।

কাজী নজরুল ইসলামের গান, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শোভা সংগীতায়নের পরিচালক অধ্যাপক দুলাল পোদ্দার, সূর্যমুখী কচি-কাঁচা মেলার সংগীত প্রশিক্ষক নাজমুল আহসান খোকন, কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক সজল মজুমদার এবং সনক আবৃত্তি সংসদের সভাপতি সাইদুল আরেফিন শ্যামল।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মামুন জানান, উদ্বোধনী দিনে উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৮টি কিন্ডারগার্টেনের ‘ক’ বিভাগের (১ম ও ২য় শ্রেণি) শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়