প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৪
রাস্তার পাশে ‘মানবতার দেয়াল’, অসহায়দের সেবায় নিবেদিত আব্দুর রহিম

দীর্ঘদিন প্রবাসে জীবন কাটিয়ে দেশে ফিরে ব্যবসার পাশাপাশি নিজেকে নিয়োজিত করেছেন মানবকল্যাণে। বলছিলাম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আব্দুর রহিমের কথা। নিজের সামর্থ্য ও প্রবল ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে গৃদকালিন্দিয়া-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের পাশে গড়ে তুলেছেন এক ব্যতিক্ৰমী উদ্যোগ—‘মানবতার দেয়াল’।
হাজী বাড়ির সামনে রাস্তার পাশে ছোট একটি ঘরের মতো কাঠের বা টিনের কাঠামোয় সাজানো রয়েছে শিশু, কিশোর, পুরুষ ও নারীদের ব্যবহারের উপযোগী পোশাক, জুতা ও প্রয়োজনীয় সামগ্রী। সমাজের সামর্থ্যবান কিংবা যাদের বাড়িতে অতিরিক্ত ব্যবহারযোগ্য পোশাক বা জুতা রয়েছে, তারা সেগুলো দিয়ে যান আব্দুর রহিমের কাছে। আর তিনি সেগুলো ‘মানবতার দেয়াল’-এ সুন্দরভাবে গুছিয়ে রাখেন। সেখান থেকে দরিদ্র ও অসহায় মানুষ তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে উপহার হিসেবে এসব সামগ্রী নিয়ে ব্যবহার করেন।
উদ্যোক্তা প্রায় ষাট বছর বয়সী আব্দুর রহিম জানান, ২০২৪ সালে তিনি প্রথম এই মানবতার ঘরটি স্থাপন করেন। শুরুতে মানুষের তেমন সাড়া না পেলেও ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে। বর্তমানে অনেকেই নিজেদের অতিরিক্ত পোশাক ও সামগ্রী এখানে পৌঁছে দিচ্ছেন। ফলে গত দুই বছরে অসংখ্য অসহায় মানুষ এখান থেকে বিনামূল্যে জামাকাপড় ও জুতা নিয়ে উপকৃত হয়েছেন।
নিজের এই কাজের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে আব্দুর রহিম বলেন, “মানুষের জন্য কিছু করতে পারার আনন্দই আলাদা। অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের বিত্তবানরা যদি আরও বেশি এগিয়ে আসেন, তবে আরও বহু অসহায় মানুষের প্রয়োজন মেটানো সম্ভব হবে।”
তবে উদ্যোগটি ভালো হলেও একটি স্থায়ী অবকাঠামোর অভাবে বর্ষা বা বৈরী আবহাওয়ায় সামগ্রীগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়ে। এ বিষয়ে আব্দুর রহিম জানান, চাঁদপুর জেলা প্রশাসন, ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন কিংবা কোনো মহৎপ্রাণ বিত্তবান যদি একটি স্থায়ী ঘর নির্মাণে সহায়তা করেন, তবে তিনি আরও বড় পরিসরে এই মানবিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এতে করে কেবল পোশাক নয়, অসহায়দের জন্য অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও সংরক্ষণ করা সহজ হবে।
রহিমের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। আমির উদ্দিন হাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. আনিসুর রহমান বলেন, “এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আব্দুর রহিম ভাই একাই কাজটি টেনে নিয়ে যাচ্ছেন। তবে প্রশাসন ও এলাকার বিত্তবানরা পাশে দাঁড়ালে এই ছোট উদ্যোগটি একদিন বড় একটি মানবিক সেবাকেন্দ্রে পরিণত হতে পারে।”
আব্দুর রহিম নিজের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন, মানুষের পাশে দাঁড়াতে অনেক বেশি অর্থের প্রয়োজন হয় না; প্রয়োজন শুধু সদিচ্ছা ও মানবিক মন। এলাকায় এ ধরনের সামাজিক বন্ধন ও মানবিক চর্চা টিকিয়ে রাখতে তার এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে চাঁদপুর জেলা প্রশাসন, ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন এবং সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, ‘মানবতার দেয়াল’ উদ্যোগে সহযোগিতা পাঠাতে বা যোগাযোগ করতে চাইলে উদ্যোক্তা আব্দুর রহিমের সাথে এই নম্বরে কথা বলা যাবে : ০১৭৪৩-৩০৪০৫৬
ডিসিকে/ এমজেডএইচ








