বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

হাজীগঞ্জে ডাকাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় প্রাণ গেলো ইটভাটা শ্রমিকের

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে ডাকাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় প্রাণ গেলো ইটভাটা শ্রমিকের

হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী বাল্কহেডের ধাক্কায় নুরুল ইসলাম (৫৫) নামে এক ইটভাটা শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের আতিক শাহ মাজার সংলগ্ন এলাকায়।

নিহত নুরুল ইসলাম সাতক্ষীরা জেলার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় রাজু আহমেদের মালিকানাধীন 'আতিক শাহ ব্রিকফিল্ডে' মাটি কাটার কাজ করতেন। স্থানীয় সূত্র জানায়, সকালে ডাকাতিয়া নদী দিয়ে একটি সিমেন্টবাহী বাল্কহেড যাওয়ার সময় আতিক শাহ ব্রিকফিল্ডের মাটিবাহী একটি নৌকার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইটভাটার শ্রমিকদের বহনকারী নৌকাটি দুমড়ে-মুচড়ে পানিতে ডুবে যায়। নৌকায় থাকা সব শ্রমিকই নদীতে পড়ে যান। পরে আশপাশের লোকজন নদী থেকে সবাইকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এদের মধ্যে নুরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর এক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই পুলিশকে না জানিয়ে তাড়াহুড়ো করে নিহতের লাশ গ্রামের বাড়ি সাতক্ষীরায় পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে ব্রিকফিল্ডের মালিক রাজু আহমেদ জানান, নিহতের মরদেহ তার নিজ জেলা সাতক্ষীরায় স্বজনদের কাছে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়