প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০২
শাহতলীতে মাদকবিরোধী সুধী সমাবেশ
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলীতে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) পূর্ব শাহতলী মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
|আরো খবর
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির। সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহম্মেদ ও এসআই আওলাদ হোসেনসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শাহতলীকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করার অঙ্গীকার করেন।








