মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৮

লক্ষ্মীপুরে ভেজাল ঘি ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির দায়ে জরিমানা ও কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে ভেজাল ঘি ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির দায়ে জরিমানা ও কারাদণ্ড
লক্ষ্মীপুরে নকল ও অনুমোদনহীন ঘি বিক্রির অপরাধে এক ডিলারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নিম্নমানের ও অনুমোদনহীন খাদ্যপণ্য মজুদের দায়ে অপর এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

লক্ষ্মীপুরে নকল ও অনুমোদনহীন ঘি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অনুমোদনহীন ও নিম্নমানের খাদ্যপণ্য মজুদের অপরাধে অন্য এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ ও শাঁখারিপাড়া এলাকায় সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা।

অভিযান সূত্র জানায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকায় 'জেবিএল এন্টারপ্রাইজ' নামে একটি প্রতিষ্ঠানে নকল এবং 'টগর' ও 'সুমন' নামের অনুমোদনহীন ব্র্যান্ডের ঘি মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রাজিব কুমার চৌধুরীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই দিন পৃথক অভিযানে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাঁখারিপাড়া এলাকায় রাজিব চন্দ্র সাহা নামের এক ডিলারের গুদামে অনুমোদনহীন নিম্নমানের আচার ও চানাচুরসহ নানা খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার প্রমাণ মেলে। নিরাপদ খাদ্য আইনে তাকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার সার্বিক সমন্বয়ে অভিযানে অংশ নেন নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লাহ হিল হাকিম, মো. তাজুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন ও মোহাম্মদ আবুল হাসনাত। র‍্যাব-১১, আনসার ও জেলা পুলিশের পৃথক দল অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

জনস্বার্থে ভেজাল, নকল ও নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়