প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪
ওসির নির্দেশে শাহরাস্তি থানার গোলঘরের কার্যক্রম বন্ধ।। থানা চত্বরে সালিস নিষিদ্ধ

বহু বছর ধরে চলতে থাকা শাহরাস্তি থানার গোলঘরের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। শুধু গোলঘরেই নয়, থানা কম্পাউন্ডের ভেতরে সকল প্রকার দরবার ও সালিস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন অভিযোগের প্রাথমিক নিষ্পত্তি হিসেবে উভয় পক্ষের সমন্বয়ে দরবার ও সালিস অনুষ্ঠিত হয়ে আসছিল। দীর্ঘদিন ধরে চলতে থাকা সালিসগুলোর আয়োজনে কেন্দ্রবিন্দু ছিল 'গোলঘর'। সময়ের সাথে সাথে শাহরাস্তি থানা চত্বরে আধুনিকায়ন করা হয়েছে গোলঘরের। ২০১৮ সালে গোলঘরের নতুন ভবন নির্মাণ করা হয়। প্রতিদিন একাধিক সালিস অনুষ্ঠিত হয়ে থাকতো এই গোলঘরে।
|আরো খবর
এদিকে গোলঘরের বৈঠক নিষিদ্ধ হলেও পার্শ্ববর্তী চায়ের দোকান ও থানার আশপাশে বৈঠক হতে দেখা যায়।
থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, মামলা নিষ্পত্তির জন্য আদালত রয়েছে, পুলিশের কাজ দরবার করা নয়। এছাড়া বিভিন্ন সময় পক্ষ-বিপক্ষ হট্টগোল ও উচ্ছৃঙ্খল আচরণ করে থাকে, এতে থানার পরিবেশ বিনষ্ট হয়। তাই থানার ভেতরে সকল প্রকার দরবার ও সালিস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এদিকে থানা এলাকায় সালিস নিষিদ্ধ হওয়ায় বিপাকে পড়তে পারেন সাধারণ ভুক্তভোগীরা। এতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা সমস্যা সমাধানে এগিয়ে আসলে ছোটখাটো সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে বলে অনেকেই মনে করেন। অনেকেই আশঙ্কা করছেন, সাধারণ সমস্যাগুলো এলাকায় সমাধান করা না গেলে মামলার জটিলতায় পড়তে পারেন সাধারণ জনগণ।








