প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৫
মতলবে ৩ মাদক কারবারিসহ ৬জন গ্রেফতার

মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে আটক করা হয়। আটকৃতদের একজন হলো মতলব পৌরসভার মোবারকদী গ্রামের নূর ইসলামের ছেলে মো. হাসেম সওদাগর (৩৩)। তাকে দু পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
|আরো খবর
এদিকে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌরসভার মোবারকদী গ্রামের দুলাল গাজীর ছেলে মো. কাউছার (২৩) ও চাঁদপুর সদর উপজেলার ধনপর্দ্দী গ্রামের হান্নান আকন্দের ছেলে রবিন আকন্দ (১৮) কে আটক করে তিন মাসের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।
এছাড়া পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়। এরা হলেন : পৌরসভার পৈলপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. জাহিদ (২৫), উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামের আবুল কাসেমের ছেলে মো. কাউছার (৩৯) ও পাঁচদোনা গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. বোরহান (৩৫)।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মতলবে কোনো মাদক কারবারি থাকতে পারবে না। মাদক নির্মূলে আমাদের এই অভিযান চলমান থাকবে।








