রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৩

মতলবে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলো নতুন বুট

মতলব ব্যুরো।।
মতলবে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ
ক্যাপশন: মতলবে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বুট বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।

মতলব দক্ষিণ উপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। একই সঙ্গে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে উপজেলার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮শ' ৩২জন শিক্ষার্থীর মধ্যে ৮শ' ৩২ জোড়া বুট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মুজাহিদুল ইসলাম কিরণের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল। বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদ হোসেন খান ও সদস্য মো. ফয়সাল খন্দকার। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তারা বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে নিয়মিত প্রতিযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহ করা জরুরি। এতে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীরাও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বুট বিতরণ। এতে ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২জন শিক্ষার্থীর হাতে ৮৩২ জোড়া ফুটবল খেলার বুট তুলে দেয়া হয়। বুট পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

ক্রীড়াবিদরা মনে করেন, প্রয়োজনীয় ক্রীড়া উপকরণ সরবরাহের ফলে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ আরও বাড়বে এবং স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে। পুরস্কার গ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রীড়া সামগ্রীর সুযোগ বাড়ানোর মাধ্যমে মতলব দক্ষিণে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়