প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:২১
পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম সবুজের দাফন সম্পন্ন
গার্ড অব অনার প্রদান

চাঁদপুরের কৃতী সন্তান পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর মফিজুল ইসলাম সবুজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজার নামাজের পূর্বে তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর শহরের রহমতপুর কলোনি ঢালী বাড়ি মসজিদের সামনে গার্ড অব অনার শেষে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গার্ড অব অনার প্রদান করেন চাঁদপুর পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর চাঁদ মিয়ার নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য।
|আরো খবর
জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ছালেহ, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর ডিএম শাহজাহান এবং মরহুমের বড় ভাই তরিকুল ইসলাম মুকুল। জানাজায় মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু মহল, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে মরহুমকে তাঁদের গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ঠেঁটালিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ইন্সপেক্টর মফিজুল ইসলাম সবুজের মূল বাড়ি চাঁদপুর শহরের ট্রাক রোড মোল্লা বাড়িতে। তাঁর বড় ভাই শহরের নতুন বাজার এলাকার নিপা ড্রাগ হাউজের মালিক তরিকুল ইসলাম মুকুল এবং মেজো ভাই চাঁদপুর আল-আমিন একাডেমির অধ্যক্ষ সাইফুল ইসলাম।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। এর আগে তিনি কর্মস্থলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিলো নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে। এর আগে তিনি কুমিল্লাসহ বিভিন্ন থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমের স্ত্রী, তিন কন্যা সন্তান এবং ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকাহত। পরিবারের সদস্যরা সকলের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।








