প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪
নজরুলবর্ষ উদযাপনে শ্রুতিনন্দন সৃজনকলা একাডেমির শিল্প ও সাহিত্য প্রতিযোগিতা

জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন 'শ্রুতিনন্দন সৃজনকলা একাডেমি'র আয়োজনে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিল্প ও সাহিত্য প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন হয়েছে।
|আরো খবর
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নারায়ণপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে মোট ৮টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ইভেন্টগুলো ছিলো- সঙ্গীত, নৃত্য, ছবি আঁকা, রচনা প্রতিযোগিতা, উচ্চাঙ্গ সঙ্গীত, দলীয় সঙ্গীত, একক সঙ্গীত ও ভজন।
প্রতিযোগিতা শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শ্রুতিনন্দন সৃজনকলা একাডেমির আয়োজনে শিল্প ও সাহিত্য প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করা হয়।
জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের কোষাধ্যক্ষ পার্বতী চক্রবর্তীর সঞ্চালনায় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা কামরুল এহ্সান শান্তি খানের সহধর্মিণী ও ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক, হেরিটেজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও শ্রুতিনন্দন সৃজনকলা একাডেমির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও সংস্কৃতি অনুরাগী রাফেয়া আবেদিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জীবনবোধের সাথে মিশে আছে। সত্য সুন্দরের লালন এবং অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদী হওয়ার জন্যে তাঁর সৃষ্টিকর্ম শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে নজরুলবর্ষ সার্থক করতে শ্রুতিনন্দন সৃজনকলা একাডেমির শিল্প ও সাহিত্য প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পী অ্যাড. মুজিবুর রহমান, জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের সভাপতি তাপসী ভৌমিক, সাংগঠনিক সম্পাদক ফৌজিয়া হোসেন, শ্রুতিনন্দন সৃজনকলা একাডেমির কো-অর্ডিনেটর মোরশেদ খান জয়, শ্রুতিনন্দন সৃজনকলা একাডেমি ও জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ সুদীপ কর তন্ময় ও বিশিষ্ট নৃত্য শিল্পী সোমা দত্ত।
আয়োজক সংগঠন শ্রুতিনন্দন সৃজনকলা একাডেমির কো-অর্ডিনেটর মোরশেদ খান জয় বলেন, শিশু কিশোরদের সৃজনশীলতা প্রকাশের জন্য আমাদের এ আয়োজন। আজকের প্রতিযোগিতায় প্রত্যাশার চেয়ে অনেক বেশি অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা। তিনি আরও বলেন, এ প্রতিযোগিতার পুরস্কার পরবর্তীতে বড় কোনো অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হবে।
ছবির ক্যাপশনঃ নারায়ণপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে শ্রুতিনন্দন সৃজনকলা একাডেমির আয়োজনে শিল্প ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা কামরুল এহ্সান শান্তি খানের সহধর্মিণী রাফেয়া আবেদিন।








