প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮
পুরাণবাজারে জন্মাষ্টমী মহোৎসবে জেলা পরিষদ প্রশাসক
সম্প্রীতির চাঁদপুরে কোনো অপশক্তির স্থান নেই

চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে দুই দিনব্যাপী জন্মাষ্টমী মহোৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাতে পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কোনো সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন এবং শান্তিতে স্বীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সেটিই বর্তমান সরকারের মূল লক্ষ্য। ভবিষ্যতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “যুগে যুগে পৃথিবীতে অনেক মহামানবের আবির্ভাব ঘটেছে। আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে হৃদয়ে ধারণ করবেন। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সম্প্রীতির চাঁদপুর বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন। চাঁদপুরে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তা অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”
পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লিটন চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. মোশারফ হোসেন। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিসভা মন্দির কমপ্লেক্সের প্রধান ও চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৃণাল কান্তি দাস এবং অনুষ্ঠান সহকারী প্রণব সাহা।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কৃতী শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও ব্যাংকারসহ এলাকার বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সুভাষ চন্দ্র রায়, দিতি সাহা, ডিকে মৃণাল, কার্তিক সরকার, মিঠুন ধর, তিথি কর্মকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ন্তী দেবনাথ ও প্রাপ্তি ঘোষ।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতিনাট্য পরিবেশিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দুদিনব্যাপী এই মহোৎসবের প্রথম দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
ছবি ক্যাপশন : পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে শ্রী জন্মাষ্টমীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। পাশে সংবর্ধিত অতিথি সুভাষ চন্দ্র রায়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন তিনি।








