বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৭

শাহতলীর দু বিদ্যালয়ে পৃথক অভিভাবক সমাবেশ

বিশেষ প্রতিনিধি।।
শাহতলীর দু বিদ্যালয়ে পৃথক অভিভাবক সমাবেশ

চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকালে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, "আমাদের গতানুগতিক পড়ালেখার পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানপ্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর সেই নির্দেশনার আলোকে আজকের এই আয়োজন।"

তিনি আরও বলেন, "আমার দাদা, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমদ হোসাইন রুশদী ১৯৬৫ সালে জমি দান করে শাহতলীতে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষকদের প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতে হবে।"

ফলাফল পর্যালোচনা করে তিনি বলেন, "এবারের এসএসসি পরীক্ষায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ৪টি জিপিএ-৫-সহ সন্তোষজনক ফলাফল করলেও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ফল আশানুরূপ হয়নি। কোনো প্রতিষ্ঠানের ফল খারাপ হলে তার দায় শিক্ষক ও ম্যানেজিং কমিটির ওপরও আসে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধা ও নিষ্ঠার দিক থেকে পিছিয়ে নেই, তাদের সঠিক পরিচর্যা প্রয়োজন।"

শিক্ষার্থীদের উৎসাহিত করার ঘোষণা দিয়ে সোহেল রুশদী জানান, পরীক্ষায় সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষা পদ্ধতি ও শৃঙ্খলার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শতভাগ পাস নিশ্চিত করতে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস ও সাপ্তাহিক মডেল টেস্টের আয়োজন করতে হবে। এছাড়া, ঝরেপড়া রোধে পড়াশোনাকে আনন্দময় করা এবং সরকার ঘোষিত ‘নজরুলবর্ষ’ উপলক্ষে যথাযথ কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক মো. হানিফ মিয়া ও মো. জহিরুল ইসলাম খান মুরাদ। এছাড়া ২৯ নম্বর উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেনসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন সকাল ১০টায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে পৃথক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোহেল রুশদী। সেখানে ৩০ নম্বর মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. তহমিনা আক্তারসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি জিলানী চিশতী কলেজের নির্মাণাধীন লাইব্রেরি পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানপ্রধানদের হাতে সরকারিভাবে প্রাপ্ত ফুটবল তুলে দেন।

ছবি ক্যাপশন: জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

--

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়