প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৮
ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ
আজকের সমাবেশ প্রমাণ করেছে ফরিদগঞ্জে বিএনপি হারেনি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
উপজেলার বিআরডিবি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, "ফরিদগঞ্জে বিএনপি কখনো হারতে পারে না; আজকের সমাবেশ প্রমাণ করেছে ফরিদগঞ্জে বিএনপি হারেনি। বিগত নির্বাচনে ফরিদগঞ্জে যা হয়েছে, তা আপনারা জানেন। তবে আমরা পেছনে ফিরে তাকাতে চাই না। আমাদের বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে ৩১ দফার আলোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন। আমরাও তাঁর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের সঙ্গে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই রয়েছেন। তাঁরই নির্দেশনা মোতাবেক আজকের সমাবেশে অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর ভাই উপস্থিত হয়ে সেই বার্তাই দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে—ধানের শীষই প্রথম ও শেষ কথা, এর বাইরে কিছু নেই। তাই যারা এখনো ভুলের মধ্যে রয়েছেন, আশা করি তারা শিগগিরই সঠিক ধারায় ফিরবেন; ইতোমধ্যেই অনেকে চলে এসেছেন। দল আমাদের, নেতা আমাদের এবং দেশও আমাদের। তাই সবার আগে বাংলাদেশ বিনির্মাণে সাহায্য-সহযোগিতা করতে আসুন, সকলে মিলে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হই।"
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর বলেন, "বিএনপিতে 'স্বতন্ত্র' বলে কিছু নেই। যারা এসব বলে, তারা ভুয়া। আজ এই সমাবেশে এসেছি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের নির্দেশ মোতাবেক। আপনারা নিশ্চিত থাকুন, ধানের শীষের বাইরে বিএনপির কোনো দল নেই। তাই আপনারা অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। সকলে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করুন। মনে রাখতে হবে—'আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ'।"
সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, পৌর বিএনপির মহসিন পাটওয়ারী, রফিকুল ইসলাম পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, কৃষক দলের হেলাল উদ্দিন, মহিলা দলের শারমিন আক্তার, পারুল বেগম, আলেয়া বেগম প্রমুখ।
আলোচনা সভাশেষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রতিটি ইউনিয়ন এবং পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা অংশ নেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।








