প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯
মতলবে নজরুলবর্ষ উদ্বোধন

মতলব দক্ষিণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও 'নজরুলবর্ষ' ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, স্মৃতি আলোচনা সভা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
|আরো খবর
সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক সুসজ্জিত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
র্যালিশেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আইনুন্নাহার কাদরীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই।
প্রধান অতিথি ও বক্তারা কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, বিদ্রোহী চেতনা এবং বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অনবদ্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাম্যবাদের প্রতীক। আজকের তরুণ প্রজন্মের মাঝে তাঁর এই চেতনা ছড়িয়ে দেয়া অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব প্রেসক্লাবের সভাপতি আমির খসরু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিসিকে /এমজেডএইচ,








