প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২১:৪১
পুরুষদের পাশাপাশি নারীদেরকেও মাদক নির্মূলে ভূমিকা রাখতে হবে
— রাশেদা বেগম হীরা এমপি

চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেলে মৈশাদী বাজারে চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, চাঁদপুরের কৃতী সন্তান ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
|আরো খবর
তিনি তাঁর বক্তব্যে বলেন, "তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে। কোনো পরিবারে একজন ব্যক্তি মাদকে আসক্ত হলে পুরো পরিবারটি ধ্বংস হয়ে যায়। মাদক একটি ভয়ানক ব্যাধি। এর বিরুদ্ধে নারীদেরও রুখে দাঁড়াতে হবে; পুরুষের পাশাপাশি নারীদেরও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে হবে।"
তিনি আরও বলেন, "মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।"
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহাবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, চাঁদপুর জেলা বিএনপির সদস্য খান আব্দুস ছাত্তার, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. খায়রুল বাসার, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুল আলম খান বাবলু এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল মজুমদার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাফাজ্জল বেপারী ও রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল বেপারী ও মফিজুর রহমান খান মুকুল, যুবদলের সাবেক সভাপতি বাবুল মৃধা কালু, যুবদলের সদস্য সচিব জি. এম. শাহীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফয়সাল খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনা সভাশেষে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি মৈশাদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, মসজিদের ইমাম, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।








