শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৯:২৭

হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষের প্রয়াণ

সংবাদদাতা।।
হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষের প্রয়াণ

চাঁদপুর সদর উপজেলার শাহতলীস্থ হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট ধর্মানুরাগী দুলাল কৃষ্ণ ঘোষ আর নেই।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে (হামানকর্দ্দি ঘোষ বাড়ি) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করেন। পরবর্তীতে অ্যাম্বুলযোগে ঢাকা নেওয়ার পথে শনিবার (২৯ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৫টায় মেঘনা ব্রিজের কাছাকাছি পৌঁছালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ৩৯ বছর শিক্ষকতা শেষে ২০২২ সালে অবসরে যান। শিক্ষকতা জীবনের ইতি টেনে তিনি পুরোপুরি ধর্মচর্চা ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন। অত্যন্ত ধর্মানুরাগী ও সৎ ব্যক্তিত্ব হিসেবে এলাকায় তাঁর বিশেষ সুনাম ছিলো।শিক্ষকতার পাশাপাশি তিনি চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চাঁদপুর সদর সংসদের সভাপতি এবং শাহতলী গীতা সংঘের অন্যতম প্রতিষ্ঠাতাসহ স্থানীয় একাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দু কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রয়াণে এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে আহ্বায়ক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও সদস্য সচিব মানিক লাল ঘোষ, বাগীশিক চাঁদপুর জেলা কমিটির সভাপতি ডা. বিধান চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক বলাই চন্দ্র সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং শাহতলী গীতা সংঘের সর্বস্তরের সদস্যবৃন্দ।

এছাড়া শাহতলী বাজারের প্রবীণ ব্যবসায়ী স্বপন কুমার দত্ত, জয় ভক্ত, দুলাল চন্দ্র মাতাব্বর ও অর্পণ ঘোষসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তাঁর দীর্ঘদিনের কর্মস্থল হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াত দুলাল কৃষ্ণ ঘোষের শেষকৃত্যানুষ্ঠান তাঁর নিজ বাড়ির পারিবারিক শ্মশানঘাটে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তাঁর ভাতিজা দীপ্ত ঘোষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়