প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০২:২২
জেলার বিভিন্ন থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সভা অব্যাহত
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের কঠোর বার্তা

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অব্যাহত রয়েছে।
|আরো খবর
সোমবার (২৪ আগস্ট ২০২৬) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় চাঁদপুর সদর মডেল, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।
র্যালিশেষে অনুষ্ঠিত সভায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধ, মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যেও মারাত্মক হুমকি। তাই মাদক প্রতিরোধে পুলিশি অভিযানের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত জরুরি।
চাঁদপুর জেলা পুলিশ মাদক নির্মূলে আইনগত ব্যবস্থাগ্রহণের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এবং মাদক ব্যবসায়ীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
ডিসিকে/ এমজেডএইচ













