প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২২:৩২
মান্দারী ফাজিল মাদ্রাসার অভিভাবক সমাবেশে অধ্যক্ষ মাওলানা নেছার আহমাদ
সন্তানদের সফলতার পেছনে অভিভাবকদের ভূমিকাই বেশি

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শতবর্ষী ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে 'শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি' এ শ্লোগানে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (২৪ আগস্ট ২০২৬) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অভিভাবক সমাবেশে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ও উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ বলেন, মায়ের দায়িত্ব সন্তানের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। মায়ের কারণে সন্তান ভালো হয় এবং মায়ের কারণোই সন্তান খারাপ হয়। তাই আপনারা মায়েরা এখন থেকেই সন্তানের প্রতি যথাযোগ্য দায়িত্ববান হবেন।
আজ আপনারা সন্তানের ভালো চান বলেই আপনি এই সমাবেশ এসেছেন। এজন্যে আপনারা নিয়মিত সন্তানকে মাদ্রাসায় পাঠাতে হবে। সে মাদ্রাসায় এসে পড়ালেখা করে কিনা আপনাকে খোঁজখবর নিতে হবে। কারণ আপনার সন্তান অধিকাংশ সময়ই আপনার কাছে থাকে। কাজেই আপনিই সন্তানের আসল শিক্ষক হিসেবে দায়িত্ব নিতে হবে।
অধ্যক্ষ বলেন, আপনি আপনার মোবাইলকে সন্তানের কাছ থেকে দূরে রাখতে হবে। মনে রাখবেন, মোবাইলটা আপনার সন্তানের ধ্বংসের মূল কারণ হতে পারে। আপনি সন্তানকে নৈতিক শিক্ষা দিবেন। সন্তানের পোশাকের প্রতি নজর রাখতে হবে। বাল্য বিবাহ থেকে দূরে থাকতে হবে। সন্তানকে আদব শেখাতে হবে।
তিনি আরো বলেন, আমি প্রতিনিয়ত শিক্ষকদের ডেকে প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের শিক্ষার মান নিয়ে আলোচনায় বসি। প্রয়োজনে শিক্ষকদের ক্লাস পরিবর্তন করি। আদর করে পাঠদান করার জন্যে নির্দেশ দেই। সন্তানের কল্যাণের জন্যেই বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছি। আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যে আপনারা মাদ্রাসায় এসে খোঁজখবর রাখতে হবে। তবেই আপনি আপনার সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারবেন।
সমাবেশের সভাপতি মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি মো. আওলাদ হোসেন মোল্লা বলেন, এই প্রতিষ্ঠান আমার বংশের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। তাই এর রক্ষণাবেক্ষণ করা আমার একান্ত দায়িত্ব। আমি এই প্রতিষ্ঠানের একজন নগণ্য শুভাকাঙ্ক্ষী। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি আপনার সন্তানের সুশিক্ষা অর্জন ও সুসন্তান হিসেবে গড়ে তুলতে কিছু ম্যাসেজ দেয়া আমার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আপনারা মাদ্রাসার এরকম সমাবেশে উপস্থিত হয়ে ম্যাসেজগুলো জানার জন্যে বিনীত অনুরোধ রাখছি। আপনার সন্তানের সফলতার পেছনে অভিভাবকদের ভূমিকাই সবচেয়ে বেশি।
তিনি আরও বলেন, সার্বিকভাবে আপনারা অধিকাংশ অভিভাবক উদাসীন। সন্তানের খারাপ ফলাফল ও খারাপ মানুষ হবার জন্য আপনাদের উদাসীনতাই দায়ী। আপনি যেভাবে চাইবেন সেভাবেই আপনার সন্তানকে গড়ে তুলতে সক্ষম হবেন। তাই আপনাকে উদাসীনতা থেকে বের হয়ে আসতে হবে।
মাদ্রাসার উপাধ্যক্ষ মো. মিজানুর রহমানের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর যুব উন্নয়ন প্রশিক্ষক মো. হাসানুজ্জামান।
আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, সহকারী শিক্ষক শিমুল আহমেদ, সহকারী মৌলভী তাজুল ইসলাম প্রমুখ। সমাবেশে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।








