সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২১:৪৫

কেন্দ্রীয় যুবদল নেতা অ্যাড. নাহিদের পিতা

মুক্তিযোদ্ধা হাজী শফিকুর রহমানের ইন্তেকাল।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফরিদগঞ্জ ব্যুরো।।
মুক্তিযোদ্ধা হাজী শফিকুর রহমানের ইন্তেকাল।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কেন্দ্রীয় যুবদল নেতা অ্যাড. নাহিদুল ইসলামের পিতা, ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দায়চারা গ্রামের কৃতী সন্তান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পশ্চিম দায়চারা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শফিকুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি......রাজিউন)। সোমবার (২৪ আগস্ট ২০২৬) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি সহধর্মিণী, চার পুত্র, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পরিবার, সহযোদ্ধা, সামাজিক সংগঠন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। সোমবার দুপুরে মরহুমের নিথর দেহ নিজ গ্রামে পৌঁছালে সর্বস্তরের মানুষ প্রিয় এই মানুষকে শেষবারের মতো দেখতে ভিড় জমান।

সোমবার বিকেলে পশ্চিম দায়চারা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর সন্তানকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়। এরপর সশস্ত্র সালাম ও নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর পর স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমের জানাজার নামাজে বীর মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতা, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন পাটওয়ারী ও তাঁর ছেলে অ্যাড. নাহিদুল ইসলাম।

বক্তারা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং পরবর্তীতে এলাকার সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে তাঁর নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়