প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২০:২৩
খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের ছয় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

চাঁদপুর সদর উপজেলার খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের ছয় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আগামী প্রজন্মের জন্যে সুস্থ, সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রোববার (২৩ আগস্ট ২০২৬) এ কর্মসূচির আয়োজন করা হয়।
১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনাম চৌধুরীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মো. মানিকুর রহমান মানিক। চারা বিতরণকালে মো. মানিকুর রহমান মানিক বলেন, দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি সবুজ দেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে নিজ হাতে চারা রোপণ করে নিয়মিত যত্ন নিতে হবে। পাশাপাশি বাবা-মাকে উদ্বুদ্ধ করে বাড়িতেও বেশি করে গাছ লাগাতে হবে।
অনুষ্ঠানের আয়োজক এনাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে কর্মসূচি গ্রহণ করেছেন, তা বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হবে। আগামী পাঁচ বছর পর এসব গাছ ইউনিয়নকে সবুজে আচ্ছাদিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ কাজে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না; গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছের দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ তৈরি করা সম্ভব। চারা বিতরণকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণ আন্দোলনকে আরও গতিশীল করবে এবং সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








