প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৭:৩৫
শ্রীনগরে ‘স্বপ্নে পাওয়া’ গাছের শিকড়ে চিকিৎসার নামে প্রতারণা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার সড়কের জাহানাবাদ এলাকায় স্বপ্নের মাধ্যমে পাওয়া গাছের শিকড় দিয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে।
২৩ আগস্ট ২০২৬ (রোববার) সকাল ৯টার দিকে একটি অটোরিকশায় আকর্ষণীয় কণ্ঠে মাইকিং শুনে স্থানীয় সরল-সোজা মানুষ ও নানা ধরনের ব্যথায় আক্রান্ত রোগীরা কবিরাজ আব্দুল আলীর কাছ থেকে তথাকথিত এই ‘অলৌকিক’ শিকড় কিনতে ভিড় জমান।
কবিরাজ আব্দুল আলী দাবি করেন, তিনি স্বপ্নের মাধ্যমে এই গাছের শিকড়ের সন্ধান পেয়েছেন। তাঁর দাবি অনুযায়ী, এই শিকড় ব্যবহার করলে শরীর ব্যথা, মাথা ব্যথা, বাতের ব্যথা ও শিশুদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা দূর হয়। এমনকি নারীদের নানা রোগের 'মহাঔষধ' বলেও এটি বিক্রি করা হচ্ছে।
সেখানে আসা বয়োজ্যেষ্ঠ আজিজ খান নামের এক ক্রেতা বলেন, "শরীর ব্যথার জন্যে অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি কিন্তু ভালো হতে পারিনি। তাই কবিরাজের কথা বিশ্বাস করে শেষ চেষ্টা হিসেবে একটি শিকড় কিনলাম।"
এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত, ফুটপাতের এসব ভণ্ড কবিরাজের মুখরোচক কথায় বিশ্বাস করে প্রতারিত হওয়া অনুচিত। যে কোনো শারীরিক সমস্যায় কোনো প্রকার কবিরাজি টোটকা না নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা নেওয়া উচিত।








