বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২২:৪০

ফরিদগঞ্জের চান্দ্রায় মাদকবিরোধী সমাবেশ

মাদকসেবীদের কোনো ছাড় নেই, জনতাকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবোই

.......ওসি এরশাদ উল্লাহ

প্রবীর চক্রবর্তী।।
মাদকসেবীদের কোনো ছাড় নেই, জনতাকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবোই
ফরিদগঞ্জের চান্দ্রা বাজারে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি।

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেলে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মাদ বিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি চান্দ্রা বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে উত্তর বাজারে এসে শেষ হয়।

পরে যুবদল নেতা আলাউদ্দিন গাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। কিশোর থেকে বৃদ্ধ কেউই এর থেকে মুক্ত নয়। বর্তমানে এটি শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে পড়েছে। এটি রোধ করতে না পারলে আমাদের সমাজ ব্যবস্থা থাকবে না। এটি যেভাবেই হোক নির্মূল করতে হবে । তবে একা থানা পুলিশের পক্ষে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করা সম্ভব নয়। এজন্যে আপনারা যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের সোচ্চার হতে হবে। প্রতিটি ঘর থেকে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এখন থেকে আপনারা এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বয়কট করুন। তাদের কোনো সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেবেন না। তাদের যেখানে পাবেন, সেখানে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিন। তবে অবশ্যই আইন নিজের হাতে তুলে নিবেন না, তাদের কোনোরূপ মারধর করবেন না। সমাজকে মাদকমুক্ত করতে এর কোনো বিকল্প নেই। তারপরও আমরা এই সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছি : কোনো মাদকসেবী ও মাদক ব্যবসায়ী যদি স্বেচ্ছায় মাদক থেকে সরে আসতে চায়, তাদের আমরা সহযোগিতা করবো। আমাদের এই আহ্বানে যারা সাড়া দেবেন, তাদের আমরা বরণ করে নেবো। কিন্তু এরপরও যারা মাদকের সাথে জড়িত থাকবেন, তাদের আর কোনো ছাড় নেই। মাদকসেবীদের কোনো ছাড় নেই, জনতাকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবোই।

সভায় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মিজানুর রহমান, সাগর মজুমদার, আমির হোসেন কিরণ, শামীম পাটওয়ারী, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান বেপারী, সদস্য সচিব জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়