প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০১:৪৬
ভাসমান দোকান উচ্ছেদে ফিরেছে খেলাধুলার প্রাণ, মুখর হাসান আলী হাই স্কুল মাঠ

একসময় ভাসমান দোকানের দখলে থাকায় শিশু-কিশোরদের খেলাধুলার অন্যতম স্থান হাসান আলী হাই স্কুল মাঠটি তার স্বাভাবিক পরিবেশ হারিয়ে ফেলেছিলো। মাঠের চারপাশে বিভিন্ন অস্থায়ী দোকান বসার কারণে খেলার জন্যে পর্যাপ্ত জায়গা ছিলো না; ফলে বিকেলে শিশুদের খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছিল। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশও ব্যাহত হচ্ছিলো।
|আরো খবর
বর্তমানে মাঠের চারপাশে সীমানা দেয়াল নির্মাণ এবং ভাসমান দোকান অপসারণের ফলে হাসান আলী হাই স্কুল মাঠটি আবারও প্রাণ ফিরে পেয়েছে। প্রতিদিন বিকেলে অসংখ্য শিশু-কিশোর মাঠে এসে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিচ্ছে। এতে মাঠজুড়ে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।
অভিভাবকদের মতে, মোবাইল ফোন ও অনলাইন-নির্ভরতা থেকে শিশুদের দূরে রাখতে উন্মুক্ত মাঠে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং সামাজিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, হাসান আলী হাই স্কুল মাঠটিকে সব ধরনের অবৈধ দখল ও ভাসমান দোকানমুক্ত রেখে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে ভবিষ্যতেও শিশু-কিশোররা নিরাপদ ও সুন্দর পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে।
ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন।
ডিসিক/ এমজেডএইচ








