মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৬:৩০

শাহরাস্তিতে গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা শেখ সেলিম

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তিতে গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা শেখ সেলিম

শাহরাস্তিতে অনুমতি ছাড়া সরকারি সড়কের পাশের গাছ কাটার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর গাছের মূল্য বাবদ ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটির সময় শাহরাস্তি পৌরসভার সাহাপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের সড়কের পাশ থেকে কয়েকটি গাছ কাটার অভিযোগ ওঠে বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন সেলিমের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

পরে অভিযোগটি তদন্তের দায়িত্ব উপজেলা বন কর্মকর্তাকে দেয় উপজেলা প্রশাসন। তদন্তে অনুমতি ছাড়া গাছ কাটার সত্যতা পাওয়ার পর গাছগুলোর মূল্য পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে শেখ বেলায়েত হোসেন সেলিম ৮ হাজার ৩০০ টাকা শাহরাস্তি পৌরসভার তহবিলে জমা দেন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুন বলেন, “তদন্তে গাছ কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তি পৌরসভার তহবিলে ৮ হাজার ৩০০ টাকা জমা দিয়েছেন।”

এর আগে গাছ কাটার অভিযোগ অস্বীকার করে শেখ বেলায়েত হোসেন সেলিম দাবি করেছিলেন, তিনি পৌরসভা থেকে সড়কটি লিজ নিয়ে সেখানে গাছের চারা রোপণ করেছিলেন। পরে গাছগুলো মসজিদে দান করা হয় এবং মসজিদ কর্তৃপক্ষই তা কেটে নেয় বলেও দাবি করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়