প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২২:৪১
শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ ও বিদ্যালয় পরিদর্শনে শতভাগ ফল অর্জনে কর্মপরিকল্পনা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ২০২৭ সালের এসএসসি প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ফরিদগঞ্জের একটি বিদ্যালয়ে সমাবেশ এবং অন্য একটি বিদ্যালয় পরিদর্শনকালে এই তথ্যাদি জানান।
|আরো খবর
সোমবার (১৭ আগস্ট ২০২৬) ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ত্রিমাত্রিক সমন্বয় জোরদার করে এসএসসি পরীক্ষা পর্যন্ত প্রতিটি মুহূর্ত যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
একই দিনে জেলা শিক্ষা অফিসার ফরিদগঞ্জের হাজী সেলিম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষকবৃন্দ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে ফলাফল উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
জেলা শিক্ষা অফিসার শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে শিক্ষকদের মধ্যে শিক্ষার্থী ভাগ করে দিয়ে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা, শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং দুর্বল শিক্ষার্থীদের জন্যে বিশেষ ক্লাসের ব্যবস্থা করার নির্দেশনা দেন। একই সঙ্গে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত না করা এবং এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে ধারাবাহিক মনিটরিংয়ের ওপর গুরুত্ব দেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাব ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগ বাড়াতে এসব সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন।
এছাড়া সভায় বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন, প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এ অংশগ্রহণ, ডিবেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বাকপটু করে গড়ে তোলা, প্রতি বছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলার আয়োজন, লাইব্রেরি সচল রাখা ও সহপাঠক্রমিক কার্যক্রম জোরদারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
বাল্যবিয়ে, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের কাউন্সেলিং জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
সভায় বক্তারা বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন সম্ভব। এ লক্ষ্যেই পরীক্ষা পর্যন্ত সময়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।








