রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৯:১৫

ফরিদগঞ্জে মৎস্যপক্ষের উদ্বোধনীতে শ্রেষ্ঠ মৎস্যচাষীদের সম্মাননা

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে মৎস্যপক্ষের উদ্বোধনীতে শ্রেষ্ঠ মৎস্যচাষীদের সম্মাননা

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে ফরিদগঞ্জে র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, শ্রেষ্ঠ মৎস্যচাষীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার, ওসি (তদন্ত) মো. আল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, মৎস্যচাষী সোহেল বেপারী, রোকসার হোসেন, জাকির হোসেন ও ইউনুছ মিজি।

আলোচনা শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে তিনজনকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন—কার্প জাতীয় মাছ উৎপাদনে সোহেল বেপারী, কৈ মাছ উৎপাদনে রোকসার হোসেন এবং নারী উদ্যোক্তা হিসেবে গৃহস্থালি পুকুরে দেশীয় মাছ চাষে সফল রোকেয়া বেগম।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেকার জীবনযাপন না করে উদ্যোক্তা হয়ে মৎস্যচাষী হওয়া সম্ভব। এমনিতেই ফরিদগঞ্জ উপজেলা দেশীয় মিঠাপানির মাছ উৎপাদনে বিশেষ স্থান অর্জন করেছে। এই ধারাবাহিকতায় আশা করছি তরুণ প্রজন্ম মৎস্য চাষে উৎসাহিত হবে।

ছবি ক্যাপশন

জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষী সোহেল বেপারীকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়