প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৭:১৬
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে চাঁদপুরে জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা সভা
জনবান্ধন পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর উপস্থিতিতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় জেলা পুলিশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক ও আস্থা সুদৃঢ় করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।এছাড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, নিয়মিত নজরদারি এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা দেয়া হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করা এবং গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সকল ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেয়া হয়।
সভায় চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন- জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।







