প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২২:৩০
২৯ আগস্ট হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

বহুল আলোচিত-সমালোচিত মামলা জটের পর হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসছে ২৯ আগস্ট ২০২৬ (শনিবার) এই নির্বাচনের তারিখ ঘোষণাসহ তফসিল ঘোষণা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। ভোট গ্রহণের ভেন্যু নির্ধারণ করা হয়েছে হাজীগঞ্জ আহম্মদিয়া কামিল মাদরাসা কমপ্লেক্সে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) বিকেলে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ঘোষিত তফসিল সূত্রে জানা যায়, আগামী ২৯ আগস্ট, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র বিতরণ ১১-১৩ আগস্ট, দাখিল ১৬ আগস্ট, যাচাই-বাছাই ১৭ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ১৯ আগস্ট, প্রতীক বরাদ্দ ২০ আগস্ট।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, সদস্য সচিব উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও প্রেসক্লাব নেতৃবৃন্দসহ ব্যবসায়ী সমিতির সাবেক নেতৃবৃন্দ, সম্ভাব্য প্রার্থী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হাজীগঞ্জ বাজারকে চাঁদপুরের বাণিজ্যিক রাজধানী বলা হয়। জেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে হাজীগঞ্জ বাজারের প্রসিদ্ধি রয়েছে।
ক্যাপশন: হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।







