প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২০:৫৬
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
আদিবাসীদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান

রোববার (৯ আগস্ট ২০২৬) বিকেলে চাঁদপুর সদর উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপন হয়েছে। 'আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মধ্য বালিয়ায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
|আরো খবর
সদর উপজেলা ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য আমাদের জাতীয় সংস্কৃতির এক অমূল্য অংশ। তাদের জীবনমান উন্নয়ন এবং যুগ যুগ ধরে সংরক্ষিত ঐতিহ্যগত জ্ঞান রক্ষায় রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার পাহাড়ি ও সমতলের সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে।
সংস্থার সভাপতি কর্নরাজ ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।
তিনি তাঁর বক্তব্যে আদিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের নিজস্ব ঐতিহ্য সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আদিবাসী সম্প্রদায়ের যে কোনো সংকট উত্তরণে এবং তাদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আদিবাসী সমাজের অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন।
এর আগে দিবসটি উপলক্ষে মধ্য বালিয়া এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটিতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক উপজাতি ও স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।








