প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১০:১৪
কচুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রবাসীর বসতঘর পুড়ে গেছে
১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কচুয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুবাই প্রবাসী পলাশ মজুমদারের বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
|আরো খবর
ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের মজুমদার বাড়িতে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ঘরের বৈদ্যুতিক লাইন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও টিনের তৈরি ঘরটির ভেতরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘরের ভেতর থাকা কোনো মালামালই উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে স্থানীয় শতাধিক বাসিন্দা ঘটনাস্থলে ভিড় জমান। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ঘরের পোড়া টিনের চালা ও আসবাবপত্রের ধ্বংসাবশেষ দেখে গভীর সমবেদনা প্রকাশ করেছেন এলাকাবাসী।








