প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০১:১০
জুলাই চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জেলা শিক্ষা অফিসারের

"জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষে বুধবার (৫ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
|আরো খবর
দিবসের প্রথম কর্মসূচি হিসেবে সকাল ৬টায় জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি ফরিদগঞ্জ উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—লাউতলী ডাক্তার রশিদ আহমদ স্কুল অ্যান্ড কলেজ, লতিফগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, লাউতলী শাহ আলম বালিকা উচ্চবিদ্যালয়, লাউতলী মডেল স্কুল এবং মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, "জুলাই চেতনার আলোকে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হলে সবার আগে নিজেকে গড়ে তুলতে হবে এবং নিজের কাছে নিজেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।" তিনি শিক্ষার্থীদের দেশকে মাদকমুক্ত রাখতে, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, "প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ব্যবহার উপযোগী করে তুলতে হবে। আগামী বাংলাদেশের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে স্কাউটস, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, বিএনসিসি, খুদে ডাক্তার ও কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রমকে আরও সক্রিয় করতে হবে, যাতে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।" পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কমিটি গঠনেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানগুলোতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ডিসিকে/ এমজেডএইচ








