প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১০:৩০
মতলব উত্তরে মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি

মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরি এলাকায় অবস্থিত শ্রী শ্রী গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টা, মিথ্যা মামলা, হয়রানি ও ধর্মীয় কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে মন্দির পরিচালনা কমিটি।
|আরো খবর
রোববার (২ আগস্ট ২০২৬) বিকেলে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিচালনা কমিটির সভাপতি অখিল চন্দ্র লিটন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বর্তমান কমিটি সুনামের সঙ্গে আশ্রমের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু স্থানীয় সুনীল চন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হুমকি-ধমকি ও হয়রানি চালিয়ে আসছেন। বর্তমানে তিনি মন্দিরে ভক্তদের যাতায়াত ও পূজা-অর্চনায় বাধা সৃষ্টি করছেন এবং মন্দিরটি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন চন্দ্রশীল বলেন, সুনীল চন্দ্র দেবনাথ মন্দিরের জমি নিজের দাবি করে বহিরাগতদের সহায়তায় আদালতে মিথ্যা মামলা করেছেন। এর মাধ্যমে মন্দিরের সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা চলছে, যা আশ্রমের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।
উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বলরাম গোস্বামী বলেন, "দীর্ঘ দুই দশক ধরে মন্দিরটি শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক কিছু হয়রানিমূলক মামলার কারণে নিয়মিত পূজা-অর্চনা ও উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে।" সমস্যা নিরসনে তিনি উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশু হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুনীল চন্দ্র দেবনাথ মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, "এ বিষয়ে আমি সংবাদমাধ্যমে কিছু বলব না, যা বলার আদালতেই বলব।"
সংবাদ সম্মেলনে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








