প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২১:৪৪
কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (২ আগস্ট ২০২৬) দুপুর ২টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মজিবুর রহমান ঢালীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাফর আহমেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এইচ এম হেলাল উদ্দিন, লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, কৃষ্ণপুর মিজি বাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. সেলিম মিজি, একই মসজিদের সহ-সভাপতি আখতার হোসেন খলিফা, কেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নজরুল ইসলাম নজু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কালাম পাটোয়ারী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবু হাজী এবং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার।
এছাড়া উপস্থিত ছিলেন মোস্তফা হাওলাদার, জসিম হাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় মুরুব্বি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে মজিবুর রহমান ঢালী মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে বলেন, “চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের নির্দেশনা মোতাবেক আমরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করব। শিক্ষা শুধু জিপিএ-৫ অর্জনের মাধ্যম নয়; শিক্ষার মূল উদ্দেশ্য একজন শিক্ষার্থীকে সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা চাই, এই বিদ্যালয়ের ছাত্রীরা এমনভাবে গড়ে উঠুক, যাতে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিতে সক্ষম হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের একাডেমিক পরিবেশ আরও উন্নত করতে কাজ করবো। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পাঠদানের আধুনিকায়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
প্রধান অতিথির বক্তব্যে স্বপন মাহমুদ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়ে বলেন, “কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বালিকাদের শিক্ষার উন্নয়ন ছাড়া সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নবগঠিত কমিটির শিক্ষাবান্ধব উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিদ্যালয়ের অবকাঠামোগত কিংবা একাডেমিক যেকোনো প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকব। আসুন, দলমত নির্বিশেষে সবাই মিলে এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করি এবং আমাদের মেয়েদের জন্য একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করি।”
মতবিনিময় সভা শেষে নবগঠিত অ্যাডহক কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। সভার সমাপ্তিতে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।








