প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২১:২৯
মতলবে প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনারে বক্তারা
শিক্ষকদের সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ক্লাসে না পড়িয়ে প্রাইভেট পড়ানো

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও কেএফটি কলেজিয়েট স্কুলের আয়োজনে প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (২ আগস্ট ২০২৬) স্কুল মিলনায়তনে মাধ্যমিক স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকদের অংশগ্রহণে এ সেমিনারে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক মেয়র ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।
কেএফটি কলেজিয়েট স্কুল পরিচালনার কর্মকৌশল উপস্থাপনা করেন কলেজের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলটির শিক্ষার্থী সানিয়া, স্পর্শ, রোজা, আতিফ ও সুফিয়া মুকুল রোজা।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাবেদ হোসেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের শ্রেণিপাঠের প্রতি আন্তরিক ও মনোযোগী হতে হবে। কোচিং বা প্রাইভেট বাণিজ্য থেকে সরে এসে শিক্ষার্থীদের মেধাবী ও ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরো বলেন, শিক্ষকদের সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে, ক্লাসে না পড়িয়ে প্রাইভেট পড়ানো। প্রাইভেট বাণিজ্য শিক্ষার মানকে নষ্ট করছে। শিক্ষকরা ক্লাসে মনোযোগী না হয়ে প্রাইভেটের প্রতি মনোযোগী হওয়ায় শিক্ষার মান নষ্ট হচ্ছে, বদনাম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের। শুধু পাঠ্যবইয়ের মধ্যে শিক্ষার্থীদের আটকে না রেখে তাদের সহশিক্ষা কার্যক্রমগুলোতে অংশগ্রহণের জন্যে প্রস্তুত করে তুলতে হবে।
ক্যাপশনঃ মতলবে প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।








