প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৮:০৪
রাজকীয় বিদায় পেলেন পুলিশ কনস্টেবল জাকির হোসেন

চাকরিজনিত অবসরকালীন ছুটিতে যাওয়ার সময় রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন ফরিদগঞ্জ থানার পুলিশ কনস্টেবল মো. জাকির হোসেন হাওলাদার। দীর্ঘ ৪১ বছরের কর্মজীবন শেষে রোববার (২ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
|আরো খবর
নির্ধারিত দায়িত্ব পালন শেষে থানা থেকে শেষবারের মতো বিদায় নেওয়ার সময় তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা ফুল ছিটিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। পরে ফুল দিয়ে সাজানো থানার অফিসার ইনচার্জের গাড়িতে করে তাঁকে চাঁদপুর সদর উপজেলার নিজ পৈতৃক বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ, ওসি (তদন্ত) আল আমিন, এসআই আমজাদ হোসেনসহ থানার অন্যান্য পুলিশ সদস্য।
কনস্টেবল জাকির হোসেন ১৯৮৬ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। দীর্ঘ ৪১ বছরেরও বেশি সময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর ২ আগস্ট আনুষ্ঠানিকভাবে অবসরকালীন ছুটিতে যান।
বিদায় অনুষ্ঠানে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, “আজ আমরা পুলিশ বিভাগের একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ সদস্যকে চাকরিজীবনের অবসরে বিদায় জানাচ্ছি। তিনি গত ৪১ বছর নিষ্ঠা, সততা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সার্ভিস বুকে শেষ দিন পর্যন্ত কোনো নেতিবাচক মন্তব্য বা শাস্তিমূলক দাগ নেই। এটি একজন সরকারি চাকরিজীবীর জীবনের অন্যতম বড় অর্জন।”
দু ছেলে ও দু মেয়ের জনক জাকির হোসেন বিদায়বেলায় বলেন, “চাকরিজীবনে আমি যেখানে দায়িত্ব পালন করেছি, সেখানেই দেশের সেবায় নিজেকে শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। মানুষ বিপদে পড়লেই পুলিশের কাছে আসে। তাই সুযোগ পেলেই নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি।”








