শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২২:২৪

চাঁদপুর কণ্ঠ সম্পাদকের মায়ের ১৮তম মৃত্যুবার্ষিকী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর কণ্ঠ সম্পাদকের মায়ের ১৮তম মৃত্যুবার্ষিকী

শনিবার (১ আগস্ট ২০২৬) চাঁদপুরের সফল শিক্ষয়িত্রী, নারী সংগঠক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশারের মাতা আলহাজ্ব জাহানারা বেগমের ১৮তম মৃত্যুবার্ষিকী। তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, আলহাজ্ব জাহানারা বেগম দীর্ঘ ৪২ বছর শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৩৪ সালের জুলাই মাসে চাঁদপুর শহরের আলীমপাড়াস্থ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন ব্রিটিশদের কাছ থেকে ‘খান সাহেব’ খেতাবপ্রাপ্ত মরহুম সিরাজুল ইসলাম মোক্তার এবং মাতা হাফেজা খাতুন। ৫ বোন ৩ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ৪র্থ। তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন আলীমপাড়াস্থ লেডী দেহলভী প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে ১৯৫১ সালে লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। পরে পর্যায়ক্রমে আইএ, বিএ ও এমএ পাস করেন।

১৯৪৮ সালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির আবুল বাশার মজুমদারের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৫২ সালে লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে জুনিয়র শিক্ষিকা হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৭৫ সালে এ বিদ্যালয় ছেড়ে ঢাকার মাদারটেক আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষিকা হিসেবে যোগ দেন। ১৯৮৮ সাল পর্যন্ত এ বিদ্যালয়ে শিক্ষকতার পর আনুষ্ঠানিকভাবে এ পেশা থেকে অবসর নেন। চাঁদপুরে আসার পর ছেলে আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশারের অনুরোধে চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনে কিছুদিন তিনি শিক্ষকতা করেন।

আলহাজ্ব জাহানারা বেগম একজন আদর্শ নারী ও শিক্ষয়িত্রী হিসেবে সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তিনি সবসময় আল্লাহর দরবারে শুক্রবারে যেনো তাঁর মৃত্যু হয় এ কামনা করতেন। তাঁর সেই দোয়া আল্লাহপাক কবুল করেছেন। আজ থেকে ১৮ বছর আগে ১ আগস্ট তাঁর মৃত্যুর দিনটি ছিলো শুক্রবার। মৃত্যুর পর চাঁদপুর শহরে প্রথম জানাজা এবং শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম আবুল বাশার মজুমদারের কবরের পাশে তাঁকে চির সমাহিত করা হয়।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীপুর মজুমদার বাড়ি জামে মসজিদে আজ বাদ আসর পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়